শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৩

শহর

জলতরঙ্গের রঙে,
শহর ছুটছে নিচে......
শিরায় শিরায় আলো বুক চিরে
এই শহর ফেলে পিছে।

প্রতিধ্বনিত কণ্ঠ যেখানে জল ধরতে যাবে,
পরতে পাড়াতে জরাতে খরাতে.........
প্রাণ শুঁকতে পাবে।
শহর তুমি তিলোত্তমা,
শহর তুমি খল.........
শহর তোমার পাঁজর জুড়ে
চোখের নোনা জল।
শহর তুমি ধর্ষিতা,
শহর তুমি মা,
শহর আছো বলেই,
কাঁদতে পারছি না।

রোদ পড়ে গেলে শহর থেকে,
এই আলোরা মুছে যায়,
বিবর্ণ মুখোশের পিছে
পশুরা এসে দাঁড়ায়,
জননীর জঠরের শেষ নিশ্বাস,
প্রাগৈতিহাসিক যুগে......
নিষিদ্ধ আধুনিক অস্তিত্ব 
অমনুষ্যত্বে ভুগে।

শহর তুমি চোখ বুজলেই,
হতে পারতো মিছিল.........

শহর তুমি ঘুমাও বলেই চিল শকুনিরা জাগে
শহর তুমি থামাও বলেই চক্ষে ধাঁধা লাগে।
শহর একবার মাটিতে নেমে এসো,
শুইয়ে রাখা ভিখিরির মতন
আমায় ভালোবেসো।

জলতরঙ্গের রঙে,
শহর ছুটছে নিচে......
শিরায় শিরায় আলো বুক চিরে
এই শহর ফেলে পিছে।

চাইলেই পারতে হতে,
লাল, নীল, সবুজ।
পারতেই করতে হয়তো আমায়
অমাবস্যায় খোঁজ।

শহর তুমি তিলোত্তমা,
শহর তুমি খল.........
শহর তোমার পাঁজর জুড়ে
চোখের নোনা জল।
শহর তুমি ধর্ষিতা,
শহর তুমি মা,
শহর আছো বলেই,
হাঁটতে পারছি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন