শনিবার, ২৬ অক্টোবর, ২০১৩

সাদাকালো


সাদাকালো কিছু দেওয়াল লিখন
রঙিন শহর-গ্রামে
সাদাকালো কিছু বিষ ছুঁড়ে যায়
অচেতন কিছু নামে।
সাদা আয়নায় কালো মুখ
আজ
ঝলসে ওঠার ঝাঁজে
সাদাকালো কিছু আগুন
ছড়ায়
বোবা চিৎকারে বাজে।

আয়, রক্ত শুকিয়ে আয়
সাদাকালো চোখে
আজও বুক ধুঁকে
রঙ শুষে খেতে আয়।

ছায়ার মাঝে কাছাকাছি থাকে
অন্ধকারের ডাক।
সাদাকালো ভিড়ে,
ভাড়া করা নীড়ে
অশ্লীল ঘুরপাক।
কফিতে, ক্যাফেতে
ক্ল্যাসিকে, র‍্যাপেতে
তুই সাদাকালো হয়ে থাক।
বিষাক্ত ঠোঁটে তবু আমার চুমুক
জাপ্টে লাগিয়ে রাখ।

হায় গলা শুকিয়ে যায়
ভেজা কথাগুলো লাহু মেখে থাকে
রঙ শুষে খেতে আয়।


আসছে যুদ্ধ নগর কথন,
রঙিন ছেঁড়া খামে।
সাদাকালো হতে বেশি দেরি নেই
নস্টালজিক দামে।
কালো পর্দায় সাদামুখধারী
কিছু ঘৃণ্য মুখের সারি।
যারা আজও আশা কিনে যাস
ফিরে আয় তাড়াতাড়ি।

রক্তে রক্তে সংঘাতে ফের
সূর্য ডুবতে চায়,
আকাশ বেড়ার সীমানা বেড়ে ওঠে,
রাত বাড়ে অবেলায়।

একদিন সবটুকু রঙ আমার
শহর নিঙড়ে খাবে।
সাদাকালো সেই স্মৃতি-ডাস্টবিনে
আলো এঁটো হয়ে যাবে।

যুদ্ধে ফেরার ডাক এসেছে
আয় মৃত্যু
যে পেছন ফিরে না দাঁড়ায়
আয় সাদাকালো স্বপ্ন বুনবো না
যারা গল্পের প্রতীক্ষায়
ধূপ হয়ে উড়ে যায়।।