স্বপ্নচারী মেঘ দিও।
তপ্ত দুপুর বেলা।
দিও মিসকলে,
কোন ছলে
প্রেমিকার ছোঁয়া,
আকাশভরা ফড়িং
দিও ভর সন্ধ্যেবেলা।
গোপন করে আমি থাকি,
সূর্যের নীল রঙ।
বুকপকেটে গুঁজে রাখি,
প্রেমিক সাজার ঢঙ
গোলাপের পাঁপড়িতে,
তবু হাওয়ার খেলা চলে
কাজলের কালিতে,
কার চোখ যে কথা বলে
দিও একটা ছোট্ট সবুজ
মিটমিটানো আলো,
ভালো হলে মন্দ বলো,
মন্দ হলে ভালো।
মুক্তধারার গান দিও
দিও নিয়ন রাতের কালো,
জলে ভরা শিশির দিও,
যখন ভোরের বেলা।
গরিব হলেও স্বপ্নগুলো
মোটেও
ফালতু নয়,
ভাবতে ভাবতে শিখেই গেছি
কেউ তো,
সুখী নয়।
তাই তো চোখে কবিতা লিখেও
কোনো রকমে আছি,
স্বপ্ন লিখি, স্বপ্ন দেখাই,
মরতে মরতে বাঁচি।
একমুঠো না হয় রোদই দিও,
তবু চাইছি তোমার কাছে,
আমায় বললে কথা দিতে পারি
হরেক রকম ধাঁচে।
জানি আমি সখা কিছুই
পারিনা,
মিথ্যে বড়াই মেলা,
ভালোবাসার ঠাঁই যেন পাই
আসবো ঐ বেলা।
তাই,
স্বপ্নচারী মেঘ দিও।
তপ্ত দুপুর বেলা।
দিও মিসকলে,
কোন ছলে
প্রেমিকার ছোঁয়া,
আকাশভরা ফড়িং
দিও ভর সন্ধ্যেবেলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন